ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহামুদি।
আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ করেন তিনি। এ সময় তারা দুদেশের মধ্যকার বিদ্যমান দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় ও অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ধর্মীয় বিষয়ে সহযোগিতা জোরদার এবং বন্ধুত্বপূর্ণ দুটি দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি উভয় দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পারিক বোঝাপড়া উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তারা ধর্মীয় সেবার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ক সহায়তা কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও সময়োপযোগী করার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ নিয়ে মতবিনিময় করেন।
এ সাক্ষাতে উভয় দেশ পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সম্প্রসারিত ও কার্যকর পর্যায়ে উন্নীত করার বিষয়ে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এসএইচআর/এনএফ