বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরি করছে ইসি

সদ্য সমাপ্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিদেশি পর্যবেক্ষকদের সার্বিক কার্যক্রম নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও ডকুমেন্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ৩৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের পাশাপাশি তথ্য অধিদপ্তর ও গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের এ কমিটিতে রাখা হয়েছে। কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে ইসির সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাতকে (প্রকাশনা ও ডকুমেন্টেশন) আহ্বায়ক, সদস্য সচিব করা হয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক/সম্পাদক মামুন অর রশিদকে। এছাড়া সদস্য হিসেবে মোহাম্মদ ফখরুল ইসলাম (উপপ্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর) ও মো. রুহুল আমিন মল্লিক (পরিচালক, জনসংযোগ, ইসি), এনআইডি উইং, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক অংশগ্রহণ করেন। তাদের বিমানবন্দর থেকে রিসিভ করা, আবাসন নিশ্চিত করা, বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ও ভোটকেন্দ্র পরিদর্শনের মতো ইভেন্টগুলোর ছবি ও তথ্যের সমন্বয়ে একটি স্থায়ী ডকুমেন্টেশন তৈরি করা প্রয়োজন। ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য প্রতিবেদনটি বই আকারে সংরক্ষণ করা হবে।
এ কমিটিকে কয়েকটি সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বগুলোর মধ্যে রয়েছে– বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা; পর্যবেক্ষকদের দেওয়া মূল্যায়ন প্রতিবেদন সংগ্রহ করে সদস্য সচিবের কাছে জমা দেওয়া; পর্যবেক্ষকদের বিভিন্ন কার্যক্রমের রাইটআপ ও স্থিরচিত্র সরবরাহ করা এবং প্রাপ্ত প্রতিবেদন ও ছবি নিয়ে একটি চূড়ান্ত প্রকাশনা বা ডকুমেন্টেশন প্রস্তুত করা।
এসআর/এসএসএইচ