চট্টগ্রামে ডাকাতের গুলিতে প্রাণ গেল বৃদ্ধের, ৩টি গরু লুট

চট্টগ্রামের চন্দনাইশে গরু লুট করতে আসা ডাকাতদলের গুলিতে চন্দন দে (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বদুর পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর পৌনে পাঁচটার দিকে একটি হাইয়েস মাইক্রোবাস নিয়ে সংঘবদ্ধ ডাকাতদল চন্দন দের বাড়িতে হানা দেয়। তার গোয়ালঘরে থাকা দুটি গরুর মধ্যে একটি গরু যখন মাইক্রোবাসে তোলা হচ্ছিল, তখন গরুর ডাক শুনে চন্দন দে ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় ডাকাতদল তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকাতদল চন্দন দের গোয়ালঘর থেকে দুটি গরু নেওয়ার চেষ্টা করেছিল। বাড়ির মালিক টের পেয়ে যাওয়ায় তারা বড় গরুটি ফেলে রেখে ছোটটি নিয়ে পালিয়ে যায়। এছাড়া ওই বাড়ির পাশের আরেকটি ঘর থেকেও দুটি গরু লুট করে তারা। সব মিলিয়ে ডাকাতদল তিনটি গরু নিয়ে গেছে।
ওসি আরও জানান, ডাকাতদলের ছোড়া গুলিতেই বৃদ্ধ চন্দন দে নিহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত গরু উদ্ধারে অভিযান শুরু করেছে।
এমআর/বিআরইউ