চট্টগ্রাম বিমানবন্দরে আরও দুটি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার (১ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে মাস্কাট থেকে চট্টগ্রামে অবতরণের কথা ছিল সালাম এয়ারের আগমনী ফ্লাইট ওভি-৪০১। একই উড়োজাহাজ সকাল ৮টা ৩০ মিনিটে ওভি-৪০২ নামে চট্টগ্রাম থেকে মাস্কাটের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করার কথা ছিল। তবে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন সাময়িকভাবে বন্ধ থাকায় ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
একই কারণে শনিবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া বহির্গমণ ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট বিজি-১৪৭ ঢাকা-চট্টগ্রাম-দুবাই এবং বিজি-১৫১ ঢাকা-চট্টগ্রাম-শারজাহ। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস এর ফ্লাইট বিএস-৩৩৩ ঢাকা-চট্টগ্রাম-দোহাও বাতিল করা হয়।
আগমনী ফ্লাইটের মধ্যে বাতিল হয়েছে এয়ার আরাবিয়া এর জি৯-৫২০ শারজাহ-চট্টগ্রাম, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৪ দুবাই-চট্টগ্রাম এবং সালাম এয়ার এর অভি-৪০৩ মাস্কাট-চট্টগ্রাম ফ্লাইট।
তবে ব্যতিক্রম হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২২ মাস্কাট-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইট ওমানের মাস্কাট থেকে বিকাল ৫টায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে নিশ্চিত করা হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলেও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো অভ্যন্তরীণ ফ্লাইট সচল রাখতে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নতুন নির্দেশনা পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। যাত্রীদের অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমআর/এমএসএ