বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ করবে ডিএনসিসি

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলেই আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট টু এনার্জি) প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, প্রকল্পের সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও কেবল পরিবেশগত ছাড়পত্রের অপেক্ষায় কাজ আটকে আছে।
মঙ্গলবার (৩ মার্চ) আমিনবাজার ল্যান্ডফিল ও ডিএনসিসির বর্জ্য ডিসপোজাল এরিয়া পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রশাসক বলেন, ‘আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলব। চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে আমাদের।’
ল্যান্ডফিল এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শফিকুল ইসলাম খান জানান, সেখানে মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার ফলে মাঝে মাঝেই আগুন ও ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় ডিএনসিসি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। এই সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ডিএনসিসির এই বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু হয়েছে। বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া এখন সময়ের দাবি। ছাড়পত্র না পাওয়ায় বর্তমানে প্রকল্পের মূল কার্যক্রম স্থগিত রয়েছে।
পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান এবং আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম শফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএসএস/বিআরইউ