তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি হওয়ার ২০তম বার্ষিকী আজ শনিবার (৭ মার্চ)। ২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর মঈনুল রোডের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিনটিকে ‘কারাবন্দি দিবস’ হিসেবে পালন করছে বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
বিএনপি নেতাদের দাবি, সেই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর পৈশাচিক নির্যাতনে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর, ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান।
১/১১ সরকারের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলেও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ জোরালো হয়। সে সময় তার বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়।
বিএনপি দাবি করে আসছে, এসব মামলার কোনো ভিত্তি নেই এবং এটি ছিল কেবল তাকে রাজনীতি থেকে দূরে রাখার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র। তবে দীর্ঘ নির্বাসন ও আইনি লড়াই শেষে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এমএসএ