নারীর প্রতি সহিংসতা-অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র-সমাজকে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে

নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।
রোববার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে একথা বলেন তিনি।
আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ এবং সারা বিশ্বের সব নারীকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান। পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন তিনি।
জামায়াত আমির বলেন, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে ন্যায্য সুযোগ পাবে; কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতন বৈষম্য দূর হবে এবং সমাজের প্রতিটি নারী নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবে।
ডা. শফিকুর রহমান বলেন, নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। একইসঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।
'আমরা বিশ্বাস করি- নৈতিকতা, মানবিকতা ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি ন্যায়ভিত্তিক সমাজই নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে পারে। ধর্ম, মত ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নারী আমাদের সম্মান ও সহযোগিতার দাবিদার। এটিই মহান আল্লাহ তা'আলার বিধান।'
তিনি আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নারী নিরাপদ, সম্মানিত ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে। সব নারীকে আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা।
জেইউ/জেডএস