স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এর আগে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, মূত্রনালি ও প্রোস্টেটজনিত রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারে কাজ করছেন এবং দেশের ইউরোলজি চিকিৎসা সেবায় একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
চিকিৎসা শিক্ষায় তিনি এমবিবিএস, এমপিএইচ এবং ইউরোলজিতে এমএস ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি মিনিমালি ইনভেসিভ সার্জারির ওপর বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন। চিকিৎসা সেবা ও একাডেমিক কার্যক্রমে প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে তার।
চিকিৎসা ও শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনেও সক্রিয় রয়েছেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) নির্বাহী কমিটির একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা, হাসপাতাল পরিচালনা, জনস্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়ন এবং স্বাস্থ্যখাতের প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন তিনি।
এমএল/এমএন