সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চাইল ইসি

সিটি কর্পোরেশনসহ দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে সব আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে এই চিঠি পাঠানো হয়েছে।
ইসির চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য হালনাগাদ করার লক্ষ্যে অঞ্চলভিত্তিক সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের বিস্তারিত তথ্যাদি (সংযুক্ত ছক অনুযায়ী) প্রস্তুত করা প্রয়োজন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, উল্লিখিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য আগামী ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে (হার্ড কপি ও সফট কপি) পাঠাতে হবে। এর মধ্যে সিটি কর্পোরেশন ও পৌরসভার তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখায়; জেলা পরিষদ ও উপজেলা পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখায় এবং ইউনিয়ন পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার হতে প্রাপ্ত তথ্যসমূহ অঞ্চলভিত্তিক একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করবেন।
এসআর/এমএআর