রাতের টহলে ধরা পড়ল গরু চোর, পিকআপসহ আটক দুইজন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকা থেকে চুরি হওয়া একটি গাভী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি পিকআপসহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা জিয়া উদ্দিনের গোয়ালঘরে ঢুকে দুর্বৃত্তরা একটি গাভী চুরি করে নিয়ে যায়। গরু হারানোর পর জিয়া উদ্দিন বিষয়টি আত্মীয়-স্বজনদের জানান এবং বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন।
এরই মধ্যে খবর আসে যে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের রাতের টহল দল উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সি হাট বাজার মসজিদ এলাকায় একটি পিকআপসহ দুইজনকে আটক করেছে।
পরে জিয়া উদ্দিনের স্বজনরা সেখানে গিয়ে উদ্ধার হওয়া গাভীটি শনাক্ত করেন। এরপর পুলিশ গরু, পিকআপ ও আটক দুইজনকে থানায় নিয়ে যায়।
আটকরা হলেন পূর্ব পুঁইছড়ি ৫ নম্বর ওয়ার্ডের আহমদ হোসাইনের ছেলে মো. ফজল কাদের (২০) এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহ আলমের ছেলে পিকআপচালক মো. ফোরকান (২৭)। পুলিশ জানায়, ফোরকান গরু চুরির ঘটনায় সহযোগী হিসেবে জড়িত ছিলেন। ঘটনাস্থল থেকে একটি গাভী ও ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, ‘আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’
আরএমএন/এনএফ