প্রান্তিক খামারিদের রক্ষায় পোলট্রি অ্যাসোসিয়েশনের ৬ দাবি

পোলট্রি শিল্পে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া নিয়ন্ত্রণ ও শক্তিশালী সিন্ডিকেটের প্রভাবে দেশের প্রান্তিক খামারিরা চরম অস্তিত্ব সংকটে পড়েছেন। অস্বাভাবিক হারে বাচ্চার দাম বৃদ্ধি এবং উৎপাদন খরচের তুলনায় ডিম ও মুরগির বিক্রয়মূল্য কম হওয়ায় গত সাত মাসে খামারিরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন, যার ফলে অনেক খামার এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে পোলট্রি খাতের ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ ও প্রায় ৬০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় কর্পোরেট আধিপত্য বন্ধসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।
বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বর্তমানে পোলট্রি শিল্পে প্রায় ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং ৫০ থেকে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে রয়েছে। ঈদকে কেন্দ্র করে মুরগির বাচ্চার দাম কৃত্রিমভাবে বৃদ্ধি করা হয়েছে। যে বাচ্চার স্বাভাবিক দাম ৩০ টাকা হওয়া উচিত, তা বড় কর্পোরেট কোম্পানিগুলো ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি করছে। এর ফলে বাজারে মুরগির দাম বাড়লেও প্রান্তিক খামারিরা লাভবান হতে পারছেন না, বরং কোম্পানিগুলো বাজারে মুরগি আসার ৩০ দিন আগেই আগাম মুনাফা নিশ্চিত করছে।
খামারিদের অভিযোগ, কয়েকটি বড় কর্পোরেট গ্রুপ, তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির কিছু সদস্য এবং অসাধু ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী সিন্ডিকেট পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। এই চক্রটি কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তা ও ক্ষুদ্র উৎপাদক উভয়কেই ক্ষতিগ্রস্ত করছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে দেশের খাদ্য নিরাপত্তা বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে সংকট উত্তরণে বিপিএর পক্ষ থেকে ৬ দফা দাবি পেশ তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—
প্রান্তিক খামারিদের জন্য ‘কৃষক কার্ড’ প্রদান, সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণ, পোলট্রি খাদ্য ও ওষুধের বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সহজ শর্তে ঋণ ও প্রণোদনা প্রদান।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সহ-সভাপতি বাপ্পি কুমার দে এবং ঢাকা মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ আল আমিনসহ অন্যান্য নেতারা।
বিজ্ঞাপন
আরএইচটি/এমএন