পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

চট্টগ্রাম নগরের গোসাইলডাঙ্গা এলাকায় দুটি ফিলিং স্টেশনে নির্ধারিত পরিমাণের চেয়ে কম ডিজেল সরবরাহের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে পরিচালিত অভিযানে এই দণ্ড দেওয়া হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযানে মেসার্স হাজী আব্দুল আজিজ ফিলিং স্টেশনের ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কারচুপি শনাক্ত করা হয়। প্রতি মাপে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহ করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’-এর ২৯ ধারায় অপরাধ আমলে নিয়ে ৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ জাহান শিকদারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
একই অভিযানে মেসার্স দাম্মাম ফিলিং স্টেশনেও ডিজেল সরবরাহে একই ধরনের কারচুপি পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইয়ান ফেরদৌস।
বিজ্ঞাপন
অভিযানকালে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস) হাসিবুল হাসান এবং পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্মকর্তারা জানিয়েছেন, ভোক্তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় এই ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এমআর/বিআরইউ