দেশি পণ্য বিদেশি দাবি করে বেশি দামে বিক্রি, দেড়লাখ টাকা জরিমানা

রংপুর মহানগরীতে ঈদের বাজারে প্রতারণা রোধে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে দেশি পণ্য বিদেশি দাবি করে বেশি দামে বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে নগরীর বিভিন্ন মার্কেটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
অভিযানে বিদেশি পণ্যের নামে প্রতারণার মাধ্যমে বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নগরীর ভিন্টেজ ওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিশাত বেনারশী শোরুমে ভারতীয় ও দেশীয় শাড়ি বিক্রি করা হলেও কোনটি বিদেশি আর কোনটি দেশীয়—সে বিষয়ে স্পষ্ট ঘোষণা না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে রয়্যালিটি মেগামলে কসমেটিকস পণ্যে আমদানি পণ্যের সঠিক তথ্য না থাকায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া টপটেন শোরুমকে একই অনিয়মের কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ঈদকে সামনে রেখে বাজার তদারকি জোরদার করা হয়েছে। অনেক ক্ষেত্রে বিদেশি পণ্যের নামে ক্রেতাদের বিভ্রান্ত করা হচ্ছে। যাতে ক্রেতারা বিদেশি পণ্য ভেবে প্রতারিত না হন, সেজন্যই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় মোড়কবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত আজ চারটি জরিমানা করেছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ