হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও মা মাছের নিরাপদ পরিবেশ রক্ষায় অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা মৎস্য দপ্তর।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) পরিচালিত অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
কার্পজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র, মা মাছের নিরাপদ প্রজনন পরিবেশ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। এ সময় হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার, তানভীর ও আলাউদ্দিন অভিযানে অংশ নেন।
অভিযানে নদীর পুরালি স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে ২টি, আইডিএফ হ্যাচারির পাশ থেকে ১টি, চেংখালি স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে ১টি, মেখল এলাকার মোজাফফরপুর থেকে ১টি এবং ছিপাতলী এলাকা থেকে ৩টি চরঘেরা জাল উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে মোট ১১টি চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ৮ হাজার ৮০০ মিটার এবং বাজারমূল্য প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
মৎস্য কর্মকর্তারা জানান, হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে মা মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এমআর/এমএন