সায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ

সরকারি কর্মচারীদের ঈদের ছুটি শুরু হলেও রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে এখনো দেখা মেলেনি ঘরমুখো যাত্রীদের অতিরিক্ত চাপ। ফলে নির্বিঘ্নেই বাড়ির পথে রওনা হতে পারছেন যাত্রীরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) টার্মিনাল ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
যাত্রীরা জানান, চাহিদার তুলনায় বাসের সংখ্যা বেশি থাকায় সহজেই গাড়ি পাওয়া যাচ্ছে। যাত্রীচাপ কম থাকায় ভাড়াও স্বাভাবিক রয়েছে, অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে না। তাই এবারের ঈদযাত্রার শুরুটা স্বস্তিদায়ক ও ভোগান্তিহীন বলেই মনে করছেন তারা।
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মামুন হাসান বলেন, এবার মানুষের চাপ তুলনামূলক কম। বাসও সহজে পাওয়া যাচ্ছে, ভাড়াও আগের মতোই রয়েছে।
বিজ্ঞাপন
পরিবহন সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর এ সময়ে যাত্রীচাপ বেশি থাকলেও এবার চিত্র ভিন্ন। দীর্ঘ ছুটির কারণে অনেকেই সুবিধামতো সময়ে আগেভাগেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন, ফলে চাপ কমে গেছে।
ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী তিশা পরিবহনের চালক আল আমিন ঢাকা পোস্টকে বলেন, এবার যাত্রীর চাপ কম। ভাড়াও বাড়েনি, আগের মতোই রয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ ছুটির কারণে যাত্রীরা ছড়িয়ে-ছিটিয়ে বাড়ি যাচ্ছেন। তবে ২৮ ও ২৯ রমজানের দিকে যাত্রীসংখ্যা বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সায়েদাবাদ বাস টার্মিনালে নিরাপত্তা ও তদারকি জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টার্মিনালের প্রবেশমুখে একপাশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কন্ট্রোল রুম এবং অপর পাশে র্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
এছাড়া ডিএমপির ঘোড়ার টহল চোখে পড়েছে। হ্যান্ড মাইকে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করতে দেখা যায় তাদের। টার্মিনাল ভবনের সামনে রয়েছে বিআরটিএ’র সার্ভিলেন্স টিম এবং ভেতরে বিভিন্ন স্থানে টানানো হয়েছে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা।
এসএইচআর/এসএম