ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়গুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।
বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের চলমান ও পূর্ববর্তী সব ধর্ষণ মামলার বিচার দ্রুত নিশ্চিতে মন্ত্রিসভা স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই অপরাধ নির্মূলে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে সঙ্গে নিয়ে একটি ‘স্পেশাল ড্রাইভ’ (বিশেষ পদক্ষেপ) নেওয়ার কথা বলা হয়েছে। সমাজ থেকে এই ব্যাধি দূর করতে এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যে কোনো মামলায় অনেকগুলো এজেন্সি জড়িত থাকে। তাহলে এদের ভেতরে কো-অর্ডিনেশনটা আরও জোরদার করা এবং অ্যাডভোকেসি করা, পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস আনা, সেই জিনিসগুলো ক্রিয়েট করা এবং যাতে ইন্সটিটিউশন শক্তিশালী হয়, রাষ্ট্র হিসেবে যাতে আমরা শক্তিশালী হতে পারি—অন্তত এই ক্ষেত্রে, আইন প্রয়োগের ক্ষেত্রে। বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে, নারী-নারীদের প্রতি যে সহিংসতা হয় সেগুলোর ক্ষেত্রে।
তিনি বলেন, এ বিষয়ে আমাদের প্রত্যেকটা জেলায় একটি করে আলাদা কোর্ট আছে দ্রুত বিচারের জন্য। সেগুলোকে শক্তিশালী করা, প্রাতিষ্ঠানিক কাঠামোটা আরেকটু শক্তিশালী করা।
বিজ্ঞাপন
এসএইচআর/এমএন