মিয়ানমারে পাচারের পথে ৭৬০ বস্তা আলুসহ ২ ফিশিং বোট আটক

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৭৬০ বস্তা আলুসহ দুটি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন চর আতাউর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৭৬০ বস্তা আলু উদ্ধার করা হয়। একইসঙ্গে পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট দুটিও আটক করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জব্দ করা মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসি/এমএসএ