ঢাবি চিকিৎসা কেন্দ্রে ‘বাঁধন ট্রান্সফিউশন সেন্টারের’ তার চুরি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চিকিৎসা কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের রক্ত সংকলন কেন্দ্র ‘বাঁধন ট্রান্সফিউশন সেন্টার’ থেকে প্রায় দেড় লাখ টাকার বৈদ্যুতিক তার চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
ঢাবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ঢাবির চিকিৎসা কেন্দ্রের ওই সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা তাপস বসু।
অভিযোগে বলা হয়, শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের রক্ত সংকলন কেন্দ্রের বৈদ্যুতিক মূল লাইনের প্রায় ৫০ গজ বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।
অভিযোগে আরও বলা হয়, গত মঙ্গলবার রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় চুরির এ ঘটনা ঘটানো হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা তাপস বসু বলেন, আমরা গতকাল থানায় গিয়ে অভিযোগ পত্রটি দেই। তখন ডিউটি অফিসার আমাদের বলে একজন এসআই পদমর্যাদার অফিসারকে বিষয়টি তদন্ত হবে, এরপর বিস্তারিত জানানো হবে। কিন্তু পুলিশ আদৌ আমাদের অভিযোগপত্রটি আমলে নিয়েছে কিনা এই বিষয়ে এখনও আমাদেরকে কোনো তথ্য জানানো হয়নি।
বিশ্ববিদ্যালয় এলাকায় তার চুরির ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সাইফুদ্দিন আহমেদ বলেন, চিফ মেডিকেল অফিসারকে বলা হয়েছে একটা তদন্ত কমিটি করে বিষয়টি তদন্ত করার জন্য। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।
এদিকে, এ ঘটনায় থানায় অভিযোগের বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারক হালদার বলেন, আমি বিষয়টি এখনো জানি না। অভিযোগের বিষয়ে এখনো আমাকে কিছু জানানো হয়নি।
বিজ্ঞাপন
এছাড়া অভিযোগের কথা জানেন না বলে জানান শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। ওসি জানান, বিষয়টি তিনি অবগত নয়।
এমএসি/জেডএস