রাতে দেশে ফিরছেন ইরানে আটকে পড়া ২৮০ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ২৮০ জনের মতো বাংলাদেশি শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে শাহজালাল বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এছাড়া, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামও বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আটকে পড়া বাংলাদেশিদের তেহরান থেকে আজারবাইজান সীমান্ত পর্যন্ত সড়ক পথে নিয়ে আসা হয়। এরপর আজারবাইজান সীমান্ত থেকে বাকু পর্যন্ত সড়কপথে নিয়ে যাওয়া হয়। বাকু’র বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য রয়েছেন তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এছাড়া, প্রত্যাবাসনে সহযোগিতা করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তাও বাকুতে আছেন।
বিজ্ঞাপন
গত বছর জুনে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলের যুদ্ধের সময়ও ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবাসন করা হয়। সে সময় ইরান থেকে সীমান্ত দিয়ে পাকিস্তান হয়ে বাংলাদেশিরা বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন।
এনআই/এমএন