দীর্ঘ লাইনে নিরাপত্তার মধ্য দিয়ে ঈদগাহে প্রবেশ করছেন মুসল্লিরা

এক মাস সিয়াম সাধনার পর শনিবার (২১ মার্চ) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
বিজ্ঞাপন
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নামাজ আদায় করতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে দুই ঘণ্টা আগে থেকেই ঈদের প্রধান জামাত পড়তে ঈদগাহ ময়দানে প্রবেশ করকছেন মুসল্লিরা। ঈদগাহ ময়দান ভরে উঠছে মুসল্লিদের পদচারণায়।
শনিবার সকালে সরেজমিন দেখা যায়, প্রেস ক্লাবের সামনে দিয়ে লাইন ধরে ঢুকছেন মুসল্লিরা। অন্যদিকে মস্যৎভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তেও লাইনে দাঁড়িয়ে ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন।
বিজ্ঞাপন

ঈদের সকালে বিভিন্ন বয়সী মানুষের ঢল নেমেছে প্রধান জামাতে অংশ নিতে। এমনই একজন খিলগাঁও থেকে আসা আশরাফ আলী বলছেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদ আনন্দের পূর্ণতা পায় জামাতের মধ্য দিয়ে।
তিনি জানান, হাজার হাজার মানুষের সঙ্গে নামাজ আদায় করার অনুভূতি অন্যরকম—এই আনন্দ ভাগ করে নিতেই ভোরেই চলে এসেছেন ঈদগাহে।
এদিকে চকবাজার থেকে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, গত কয়েক বছর ধরেই এখানে ঈদের জামাতে অংশ নেন। নিজের শৈশবের স্মৃতি মনে করে ছেলেকেও সেই অভিজ্ঞতার অংশ করতে চান। তার ভাষায়, 'বাবার হাত ধরে যেমন ঈদগাহে আসতাম, আজ ছেলেকে নিয়ে এসে সেই একই আনন্দ খুঁজে পাচ্ছি।'
বিজ্ঞাপন
সব মিলিয়ে, ধর্মীয় আবহ আর মিলনমেলার এই অনন্য অনুভূতিতে মুখরিত জাতীয় ঈদগাহ ময়দান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া প্রধান জামাতে অংশ নেবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে এ জামাতে দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ মাঠ।
জাতীয় ঈদগাহ ময়দানে এবারও অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও অন্যান্য উচ্চপদস্থ মিলিয়ে প্রায় ৩৩০ জনের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, যার মধ্যে ২৫০ জন পুরুষ এবং ৮০ জন নারী ভিআইপি।
ঈদের প্রধান জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সাড়ে তিন হাজার নারীসহ ঈদগাহ ময়দানে মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে।
নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা থাকছে। এছাড়া পর্যাপ্ত ওজুখানাসহ মুসল্লিদের জন্য মেডিকেল টিমের সুবিধা নিশ্চিত করা হয়েছে।
জাতীয় ঈদগায়ে প্রধান জামাতের পাশাপাশি এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।
এসআই/জেডএস