এনসিপি নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাতে অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এরই মধ্যে তাদের নামাজ আদায়ের স্থান ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
রাজধানীর বেরাইদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার নামাজ আদায়ের সম্ভাব্য সময় সকাল সাড়ে ৭টা। রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বরুয়াহাট রহমানিয়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করবেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নামাজ পড়বেন রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীরও একই স্থানে আদায়ের কথা রয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের জামাতে অংশ নেবেন তিনি।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব রাজধানীর উত্তরার আজমপুরে অবস্থিত উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করবেন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাতে অংশ নেবেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ।
বিজ্ঞাপন
দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাখালদিঘিরহাট ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করবেন। যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জের মাসদাইরে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের নামাজ পড়বেন। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের হাজী সোনামিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায় করবেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ সকাল সাড়ে ৮টায় অংশ নেবেন কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
দলটির নেতারা নিজ নিজ এলাকায় ও রাজধানীতে ঈদের জামাতে অংশ নিয়ে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করবেন বলে জানা গেছে।
এমআরআর/জেডএস