মোহাম্মদপুরে পিস্তলসহ গ্রেপ্তার ‘দাগি রুবেল’

রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি দেশি পিস্তলসহ সন্ত্রাসী রুবেল ওরফে ‘দাগি রুবেল’কে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-২।
বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শামসুল ইসলাম।
তিনি জানান, শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে, মোহাম্মদপুর থানাধীন বাবর রোড এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-২ এর একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী রুবেল ওরফে দাগি রুবেলকে ১টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, রুবেলের কাছে পাওয়া যাওয়া অস্ত্রটি যাচাই করে দেখা যায় সেটির কোনো লাইসেন্স এবং বৈধ কাগজপত্র নেই।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানায়, সে রাজধানীর মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক, সন্ত্রাসী কার্যকলাপসহ মোট ৫টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসি/জেডএস