ঈদের পর অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২১ ওয়ার্ডের আওতাধীন এলাকায় ঈদের পর অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে সংস্থাটির পরিচ্ছন্নতা কর্মীরা।
বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডের বাড্ডা এলাকার ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসির কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছে। এরই অংশ হিসবে আজ ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডের বাড্ডা এলাকার ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত পরিচালিত হচ্ছে।
এদিকে সম্প্রতি এক গণবিজ্ঞপ্তি জারি করেছিল ডিএনসিসি। সেখানে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি, ভবনের ছাদে, দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ইত্যাদি স্থাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যে সব ব্যক্তি, প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি, ভবনের ছাদে, দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ইত্যাদি স্থাপন করেছেন তাদের নিজ দায়িত্বে বর্ণিত ফলক, পোস্টার, ব্যানার, বিলবোর্ড, এলইডি ইত্যাদি অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএসএস/এমএন