ঈদ পরবর্তী পুনর্মিলনী সভায় বসেছে নির্বাচন কমিশন

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে আবারো কর্মতৎপরতায় ফিরেছে নির্বাচন কমিশন (ইসি)। উৎসবের আমেজ কাটিয়ে কাজে ফেরার প্রথম দিনেই নিজেদের মধ্যে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও মতবিনিময় সভায় বসেছেন কমিশনের শীর্ষ কর্মকর্তারা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সভাকক্ষে এই সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আব্দুর রহমানেল মাছউদ।
ইসি কর্মকর্তারা জানান, মূলত ঈদের শুভেচ্ছা বিনিময় এবং পরবর্তী দাপ্তরিক কাজের গতি বাড়াতেই এই সভার আয়োজন করা হয়েছে। সভায় বর্তমান নির্বাচনী পরিবেশ, ঝুলে থাকা বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোর প্রাথমিক রোডম্যাপ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে।
এদিনের সভায় ভারপ্রাপ্ত সিইসির সঙ্গে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমদ এবং আবুল ফজল মো. সানাউল্লাহ। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারাও সভায় অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতি বছরই ঈদের ছুটির পর কমিশন একটি অনানুষ্ঠানিক সভায় মিলিত হয়। এতে কাজের নতুন উদ্যম তৈরি হয় এবং গুরুত্বপূর্ণ ফাইলগুলোর আপডেট নিয়ে আলোচনা করা সহজ হয়।
এসআর/জেডএস