ঈদের ছুটিতে জমি দখলের চেষ্টা, প্রশাসনের অভিযানে ভেস্তে গেল পরিকল্পনা

ঈদের ছুটির সুযোগ নিয়ে চট্টগ্রামের পটিয়ায় সরকারি খাস জমি দখলের একটি বড় প্রচেষ্টা নসাৎ করে দিয়েছে উপজেলা প্রশাসন। পটিয়া থানার মোড় এলাকায় অবস্থিত ‘আল মদিনা হোটেল’ কর্তৃপক্ষের অবৈধভাবে জমি দখলের এই পরিকল্পনা প্রশাসনের ঝটিকা অভিযানে ভেস্তে যায়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পরিচালিত এই অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদিন সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দেখা যায়, সরকারি জমি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে সেখানে রাতারাতি স্থাপনা নির্মাণ করা হয়েছে। পরে তাৎক্ষণিকভাবে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাস জমি উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা। তিনি জানান, ঈদের বন্ধের সুযোগকে কাজে লাগিয়ে আল মদিনা হোটেলের মালিকপক্ষ রাতারাতি সরকারি জমি দখলের উদ্দেশ্যে লোকবল নিয়ে স্থাপনা নির্মাণ শুরু করে। বিষয়টি জানতে পেরে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ স্থাপনা অপসারণের পাশাপাশি অপরাধীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। সরকারি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমআর/বিআরইউ