বুদ্ধিজীবীদের দায়িত্ব সত্যের পক্ষে দাঁড়ানো : মাজিদি

বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি বলেছেন, বিশ্বের চিন্তাবিদ, মুক্তমনা মানুষ, লেখক ও শিল্পীদের দায়িত্ব হলো মানুষের কষ্টের সামনে নীরব না থাকা। বরং তাদের কলম, চিন্তা ও শিল্পের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও মানব মর্যাদার পক্ষে দাঁড়ানোই এখন সময়ের দাবি।
বিজ্ঞাপন
সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বুধবার (২৫ মার্চ) ঢাকার ইরান দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই বিখ্যাত নির্মাতা এমন মন্তব্য করেন।
মাজিদ মাজিদিকে উদ্ধৃতি দিয়ে বার্তায় বলা হয়, ইরান বিশ্বের সকল নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষ থেকে শিশু হত্যাকারী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সরকারের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিরোধ করছে। আজকের যুদ্ধ সত্য ও অসত্যের মধ্যে এক সংগ্রাম। এই লড়াইয়ের রণাঙ্গন কেবল সামরিক ময়দানেই সীমাবদ্ধ নয়; বরং তা বিস্তৃত হয়েছে অসহায় মানুষের ঘরবাড়ি, হাসপাতাল এবং সেই সব শিশুদের বিদ্যালয় পর্যন্ত, যাদের আশা ছাড়া আর কোনো আশ্রয় নেই।
মাজিদ মাজিদি বলেন, সব ধরনের সহিংসতা ও চাপ সত্ত্বেও ইরানের জনগণ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এই পথের নেতৃত্বদানকারী ব্যক্তিদের থেকে শুরু করে নিষ্পাপ স্কুলপড়ুয়া শিশুদের পর্যন্ত– সকলেই এমন এক জাতির প্রতিরোধের কাহিনীর অংশ, যারা চাপের মুখে মাথা নত করেনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিশ্বের বড় শক্তিগুলো তাদের সমস্ত ক্ষমতা নিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলাতে এবং এই অঞ্চলের সম্পদ ও ধনসম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে। তাদের আধিপত্য বিস্তার করাই এর মূল লক্ষ্য। তবে এই দিনগুলোতে ইরানের জনগণ ও যোদ্ধাদের প্রতিরোধ দেখিয়েছে যে একটি জাতির ইচ্ছাশক্তি সবচেয়ে বড় শক্তিগুলোর বিরুদ্ধেও দাঁড়িয়ে থাকতে পারে।
ইতিহাস সাক্ষ্য দেবে যে দৃঢ় সংকল্প, ঐক্য ও সংহতির মাধ্যমে একটি জাতি কীভাবে বৈশ্বিক বিশাল চাপের মুখেও প্রতিরোধ গড়ে তুলেছিল- এমন মন্তব্য করে এই চলচ্চিত্র নির্মাতা বলেন, "বিশ্বের চিন্তাবিদ, মুক্তমনা মানুষ, লেখক ও শিল্পীদের দায়িত্ব হলো মানুষের কষ্টের সামনে নীরব না থাকা এবং তাদের কলম, চিন্তা ও শিল্পের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও মানব মর্যাদার পক্ষে দাঁড়ানো।"
তিনি আরও বলেন, আজ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আগের যেকোনো সময়ের চেয়ে তাদের নৈতিক ও মানবিক দায়িত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। মাজিদ মাজিদি দৃঢ়ভাবে বলেন, "আমি নিশ্চিত, বিশ্বের বিভিন্ন দেশের বহু মানুষের হৃদয় ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে। কেননা এই জাতির দাবি স্বাধীনতা, মর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া ছাড়া আর কিছুই নয়।"
বিজ্ঞাপন
এনআই/বিআরইউ