বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের : ডিএসসিসি প্রশাসক

অ+
অ-
মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের : ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া না হলে দেশ কখনো এগিয়ে যেতে পারে না।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) নগর ভবনে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা মহানগরীর প্রায় দেড় হাজার বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশের মালিকানার একমাত্র দাবিদার হওয়া সত্ত্বেও তারা দেশে সব সময় জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চেয়েছেন।’ তিনি আরও ঘোষণা দেন, ভবিষ্যতে তিনি মেয়র নির্বাচিত হলে ঢাকা মহানগরীর অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সচ্ছল করার পূর্ণ দায়িত্ব নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে চিকিৎসা, আবাসন ও উন্নত পরিবহন সুবিধা নিশ্চিত করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বিজ্ঞাপন

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং মুক্তিযুদ্ধের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে একাত্তরের রণাঙ্গনের স্মৃতিচারণ করেন ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নুরুল হুদা (পিএসসি); বীর মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর ও সদস্যসচিব সাদেক আহমেদ খান; জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ইশতিয়াক আজীজ উলফাত এবং বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. ক. (অব.) জয়নাল আবেদীনসহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত স্কুলের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে। এ ছাড়া বেবি নাজনীন, ইথুন বাবু, রিজিয়া পারভীন, মৌসুমি চৌধুরী ও শিবা শানুর মতো প্রথিতযশা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

বিজ্ঞাপন

এএসএস/বিআরইউ