জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে। এবার খোদ জাপানি মাতৃভাষী শিক্ষকদের তত্ত্বাবধানে সরাসরি জাপানি ভাষা ও সংস্কৃতি শেখার সুযোগ পেতে যাচ্ছেন এ দেশের শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
রোববার (২৯ মার্চ) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এমন আগ্রহের কথা জানিয়েছে ঢাকায় নিযুক্ত জাপানের একটি প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি জানায়, তারা জাপানি মাতৃভাষী (নেটিভ) শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশি ছাত্রছাত্রীদের নিবিড় প্রশিক্ষণ দিতে চায়। এর ফলে জাপানে পড়াশোনা বা কাজ করতে ইচ্ছুক বাংলাদেশিরা সে দেশের ভাষা ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবেন, যা তাঁদের কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত করতে সহায়তা করবে।
জাপানি প্রতিনিধিদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘আমাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে সারা দেশে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত চমৎকার প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। আপনারা এসব অবকাঠামো ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতি বিষয়ে দক্ষ করে তুলতে পারেন।’
বিজ্ঞাপন
এ সময় প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই জাপান অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে রয়েছে। এই নতুন উদ্যোগের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সিদ্ধান্ত হয়, প্রস্তাবিত বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে জাপানের উপযুক্ত কর্তৃপক্ষের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
সাক্ষাৎকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এনআই/বিআরইউ
