সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্য দাবি করে কয়েকটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিমন্ত্রীর বক্তব্যের নামে ছড়িয়ে পড়া ফটোকার্ড ভুয়া।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কয়েকটি ভুয়া ফটোকার্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এসব ফটোকার্ডে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্যের নামে পুরোপুরি অসত্য তথ্য তুলে ধরা হয়েছে।
ভুয়া ফটোকার্ডে বলা হয়েছে, ইন্ডিয়ার সঙ্গে আমাদের চোখ নিচু করেই কথা বলতে হবে, এই যে যেমন এখন ইন্ডিয়ার হাতে পায়ে ধরে তেল আনতে হচ্ছে, গাধার মতো দিল্লি না ঢাকা স্লোগান দিলেই তো হবে না, বুঝতে হবে যে ইন্ডিয়ার সঙ্গে ঝামেলা করলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে যে, এই বক্তব্য সম্পূর্ণভাবে গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কখনোই কোথাও এরকম বক্তব্য প্রদান করেননি। কাজেই, এসব অপতথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
বিবৃতি আরও বলা হয়েছে, প্রকৃতপক্ষে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে সরকারের পররাষ্ট্রনীতি হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। বাংলাদেশের জনগণের স্বার্থ সুরক্ষিত রেখে সব রাষ্ট্রের সঙ্গে, সব সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে।
এনআই/জেডএস
