নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ এবং মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে চট্টগ্রামের একটি ফিলিং স্টেশনকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআই চট্টগ্রাম বিভাগের ফিল্ড অফিসার সার্টিফিকেশন মার্কস মো. নাসির উদ্দিন এবং পরিদর্শক মেট্রোলজি সাঈদ আহমেদ তালুকদার দায়িত্ব পালন করেন।
বিএসটিআই বিভাগীয় অফিস জানায়, নগরের বন্দর এলাকায় মেসার্স আনোয়ারা জাকারিয়া ফিলিং স্টেশন ডিজেল ডিসপেন্সিং ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ৪৬ ধারা অনুসারে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে দেখা যায়, স্টেশনটিতে পর্যাপ্ত তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
বিএসটিআই কর্মকর্তারা জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তার অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমআর/জেডএস
