নারায়ণগঞ্জের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় এক প্রবাসীকে বহনকারী প্রাইভেটকার থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে একদল দুষ্কৃতিকারী। এ সময় বাধা দিতে গেলে মো. ফিরোজ (৩১) নামের ওই গাড়ির চালককে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আটটার দিকে ঘটা এ ঘটনায় গুলিবিদ্ধ চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত চালকের স্ত্রী নাসিমা আক্তার জানান, আজ সকালে একটি প্রাইভেটকারে এক প্রবাসী যাত্রীকে নিয়ে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হন ফিরোজ। পথে মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় পৌঁছালে চার থেকে পাঁচটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন দুষ্কৃতিকারী গাড়িটির গতিরোধ করে।
এসময় তারা গাড়িতে থাকা প্রবাসীর টাকা-পয়সা ও পাসপোর্ট ছিনতাইয়ের চেষ্টা চালায়। চালক ফিরোজ এতে বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। গুলিটি তার ডান পায়ে লাগে। পরে গুলিবিদ্ধ আহত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক চালককে হাসপাতালে আনা হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে এবং বর্তমানে জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/বিআরইউ
