রাজধানীর কোতোয়ালি থানার রায়সাহেব বাজার এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মুসলিম মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (০১ এপ্রিল) দুপুরে রিকশাযোগে মার্কেটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুসলিম মিয়ার আত্মীয় মোহাম্মদ আল-আমিন জানান, দুপুরে কোতোয়ালীর রায়সাহেব বাজার এলাকায় রিকশায় চড়ে মার্কেটে যাচ্ছিলেন মুসলিম মিয়া। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার রিকশাটিকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মুসলিম মিয়ার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায়। তিনি ওই এলাকার মৃত মোবারক মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/বিআরইউ
