বিজ্ঞাপন

ঢাকায় অফিস খুলতে পারে জাপান ফাউন্ডেশন, সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রীর

অ+
অ-
ঢাকায় অফিস খুলতে পারে জাপান ফাউন্ডেশন, সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রীর

বাংলাদেশে ‘জাপান ফাউন্ডেশন’-এর স্থায়ী অফিস স্থাপনের সম্ভাবনা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংস্থাটির প্রতিনিধিদল।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে জাপান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কোইকে ওয়াকাও এবং প্রতিনিধি হরি ইউকো এই বৈঠকে মিলিত হন।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও ঐতিহাসিক। জাইকা (JICA) আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। জাপানে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তা সফল করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস না থাকায় প্রয়োজনীয় সেবা পেতে বাংলাদেশিদের পার্শ্ববর্তী দেশে যেতে হয়। দেশে এই ফাউন্ডেশনের অফিস স্থাপন করা হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ কর্মীদের ভাষাগত দক্ষতার পাশাপাশি জাপানিজ সংস্কৃতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাপানে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু ভাষাই প্রধান অন্তরায় নয়, জাপানিজ সংস্কৃতি ও আচার-আচরণ সম্পর্কে সম্যক জ্ঞান থাকাও জরুরি। জাপানি প্রশিক্ষকদের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে কর্মীরা খুব সহজেই সে দেশের কর্মপদ্ধতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবে।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন পরামর্শ দেন যে, জাপানিজদের সহায়তার ক্ষেত্রগুলো সুনির্দিষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাপান দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগ করা প্রয়োজন। এর আগেই সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি রাখার ওপর তিনি জোর দেন।

জাপান ফাউন্ডেশনের প্রতিনিধি কোইকে ওয়াকাও বাংলাদেশের এই আন্তরিকতাকে সাধুবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশে অফিস খোলার বিষয়ে সরকারের এই আগ্রহের বার্তা আমি অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব।

বিজ্ঞাপন

এনআই/এমএআর/