বিজ্ঞাপন

সায়েদাবাদে দুর্ঘটনা নয়, পাওনা টাকার জেরে খুন; মূল আসামি গ্রেপ্তার

অ+
অ-
সায়েদাবাদে দুর্ঘটনা নয়, পাওনা টাকার জেরে খুন; মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর সায়েদাবাদে এক নারীকে হত্যার ঘটনাকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত থলের বিড়াল বেরিয়ে এসেছে। পাওনা টাকার জেরে ওই নারীকে ছাদের ওপর নিয়ে গলা কেটে হত্যার অভিযোগে মূল আসামি মো. আব্দুল্লাহ রাজুকে (৪১) গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ভিকটিম তার স্বামীর সঙ্গে দক্ষিণ সায়েদাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। আসামি রাজুর সঙ্গে ভিকটিমের পূর্ব পরিচয় ছিল এবং সে প্রায়ই ওই বাসায় যাতায়াত করত। এই সুবাদে তাদের মধ্যে আর্থিক লেনদেনও ছিল। পরবর্তীতে এই লেনদেনকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

ঘটনার দিন সোমবার (৩০ মার্চ) বিকেলে রাজু ভিকটিমের বাসায় গিয়ে জরুরি কথা বলার কথা বলে তাকে ছাদে নিয়ে যায়। সেখানে লেনদেন নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের শ্বাসনালিসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিকটিমের শাশুড়ি তাকে রক্তাক্ত অবস্থায় ছাদের মেঝেতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ৩০ মার্চ ঘটনার পর প্রথমে স্বজনরা বিষয়টি ধামাচাপা দিতে ‘তিশা পরিবহনের বাসের ধাক্কায় তাসলিমা গুরুতর আহত হয়েছেন’–এমন একটি দুর্ঘটনার গল্প সাজিয়েছিলেন। এমনকি নিহতের দেবরও একই দাবি করেছিলেন। তবে পরে থানায় গিয়ে স্বজনরা স্বীকার করেন, এটি কোনো দুর্ঘটনা নয়; রাজু নামের এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থলে ফেলে যাওয়া আসামির একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএএ/বিআরইউ