বিজ্ঞাপন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ স্থায়ী করার আলটিমেটাম

অ+
অ-
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ স্থায়ী করার আলটিমেটাম

দেশের বিদ্যমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে সরকারকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়ন করা না হলে সারা দেশে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি শরিফুল হাসান শুভ।

লিখিত বক্তব্যে শরিফুল হাসান শুভ বলেন, সাম্প্রতিক বিভিন্ন অস্থিরতা, সেশনজট এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে শিক্ষাজীবন সম্পন্ন করতে পারেননি। এর ফলে তারা সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত অন্যায় ও বৈষম্যমূলক। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা দীর্ঘ ১২ বছর ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে রাজপথে আন্দোলন করে আসছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান বিএনপি সরকারের রাজপথের আন্দোলন এবং দলটির ৩১ দফার ইশতেহারের ২৩তম দফায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি উল্লেখ রয়েছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশ এবং বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রীও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং রাজপথের দীর্ঘদিনের আন্দোলনের সমাপ্তি টানতে স্থায়ীভাবে সর্বনিম্ন বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে একমত পোষণ করেছিলেন। তবে দাবির পক্ষে এত যুক্তি, সুপারিশ এবং প্রতিমন্ত্রীর সম্মতি থাকা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।

বিজ্ঞাপন

শরিফুল হাসান শুভ আরও বলেন, “বারবার আশ্বাস ও সুপারিশের পরও আমাদের দাবি আলোর মুখ দেখেনি, বরং আমরা বারবার প্রতারিত হয়েছি। মাঠে আন্দোলন করতে গিয়ে আমাদের ওপর রাজনৈতিক তকমা দিয়ে হামলা-মামলা করা হয়েছে, অনেক সহযোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন। তাই এখন আর আমরা কেবল আশ্বাসে বিশ্বাসী নই, সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই।”

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চাকরিতে আবেদনের বয়সসীমা সাময়িকভাবে সর্বনিম্ন ৩৭-৪০ বছর এবং স্থায়ীভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বনিম্ন ৩৫ বছর করার জন্য আগামী ১২ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা। অন্যথায় দেশের সব চাকরিপ্রত্যাশীদের নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেওয়া হয়।

এসএআর/বিআরইউ

বিজ্ঞাপন