বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।
বিজ্ঞাপন
তিনি বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীকে আইনের আওতায় আনতে র্যাব কাজ করবে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
র্যাব ডিজি জানান, র্যাব সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ সর্বমোট ৩০৮টি টহল দল এবং সাদা পোশাকে নজরদারিসহ র্যাবের সদস্যরা মোতায়েন থাকবেন। বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ, বাংলা একাডেমি এবং রমনা বটমূলসহ রাজধানীর যে সকল স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, সে সব স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ব্যবস্থা গ্রহণ করেছে। এই লক্ষ্যে পর্যবেক্ষণ চেকপোস্ট, টহল এবং অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুইপিং পরিচালনার পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।
আহসান হাবীব বলেন, দেশব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র্যাবের কন্ট্রোল রুম, ফুট পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং ব্যবস্থা। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও হামলা মোকাবিলায় র্যাবের স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রয়েছে। ব্যাটালিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। এছাড়া র্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং ও অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতার যেকোনো পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রস্তুত। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, উসকানিমূলক বা মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা আরও জানান, বাংলা নববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানস্থল এবং গুরুত্বপূর্ণ স্থানে আসা নারীদের উত্ত্যক্ত করা, ইভটিজিং ও যৌন হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বসাধারণের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি, সার্বিক নিরাপত্তার ঝুঁকি রয়েছে এমন কোনো তথ্য পেলে অথবা কোনো ধরনের হেনস্তার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র্যাব বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে জানাবেন। অভিযোগের প্রেক্ষিতে আমরা জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবো। আমি আশা করছি, পূর্বের বছরগুলোর ন্যায় এ বছরও অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত হবে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
নববর্ষকে ঘিরে কোনো হুমকি আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত আমরা কোনো হুমকি বোধ করছি না।
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি ঢাকার শ্যামলীতে আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির মামলায় অভিযুক্ত যুবদল নেতা মঈন উদ্দিনসহ সাতজনকে আটকের তথ্য দেন।
এছাড়া শনিবার কুষ্টিয়ায় এক ‘পীরকে’ মব করে হত্যার বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা খোঁজখবর রাখছি। মামলা হলে অভিযুক্তদের নাম দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার ছায়াতদন্ত চলছে।
রোববার ঢাকার মোহাম্মদপুরে ‘আধিপত্যের বিরোধে’ কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ জানিয়েছে, এলেক্স ইমনের বিরুদ্ধে হত্যাসহ ১৮টি মামলা রয়েছে। এত মামলার আসামি কীভাবে বাইরে থাকলো, এ বিষয়ে র্যাব মহাপরিচালকের পাল্টা প্রশ্ন, ‘দায় কি সব পুলিশ নেবে বা র্যাব নেবে?’
তিনি বলেন, ‘এই প্রশ্নের জবাব আমার কাছে খুঁজলে হবে না। আমি দায় নেবও না। আমার কাজ হচ্ছে যখন অপরাধ করবে, অপরাধীকে পেলে আমি তাকে গ্রেপ্তার করব। যার বিরুদ্ধে ১৮টা মামলা সে কীভাবে বাইরে থাকল, সেই প্রশ্ন আপনি তাদেরকে করেন; তাহলে মনে হয় সঠিক জবাব পাবেন। আগে আটক হয়েছে বলেই তো তার বিরুদ্ধে ১৮টা মামলা হয়েছে।’
এসএএ/এমএসএ
