রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে মাইক্রোবাসের এসির গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আবুল হোসেন (৫২) ও মো. বাশার (৪০) নামে দুজন দগ্ধ হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া দুইটার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
জানা গেছে, দগ্ধ আবুল হোসেনের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ধলপা গ্রামে। বর্তমানে পরিবারের সঙ্গে শ্যামলীর আদাবর এলাকায় বসবাস করেন তিনি। তার বাবার নাম মৃত তারা মিয়া। অপর আহত বাশারের বাড়ি হবিগঞ্জে; বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার পল্লবীতে বসবাস করেন। আহত আবুল হোসেন পেশায় গাড়িচালক এবং বাশার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন বলে জানিয়েছেন স্বজনরা।
বিজ্ঞাপন
আহত আবুল হোসেনের স্ত্রী জেসমিন জানান, মাইক্রোবাস নিয়ে মোহাম্মদপুরের বেড়িবাঁধ পার হওয়ার সময় এসির গ্যাস লিকেজ ছিল যা তারা বুঝতে পারেননি। পরে সিগারেট ধরানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। স্বজনরা খবর পেয়ে দ্রুত তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ। তিনি জানান, আবুল হোসেনের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে এবং অপরজন সামান্য আহত হয়েছেন। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।
এমএসি/এসএএ/এমএসএ
