কৃষি পর্যটনে সম্ভাবনার স্বপ্ন

বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি, গ্রামীণ জীবন ও সংস্কৃতির প্রধান ভিত্তি হয়ে আছে কৃষি খাত। জাতীয় জিডিপিতে কৃষির অবদান প্রায় ১২ শতাংশ এবং দেশের প্রায় ৪০ শতাংশ শ্রমশক্তি সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত।
বিজ্ঞাপন
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, সব ক্ষেত্রেই কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি, নগরায়ন এবং প্রযুক্তিনির্ভর সমাজে কৃষিকে আরও লাভজনক ও আকর্ষণীয় করে তোলার নতুন পথ খুঁজে বের করা এখন সময়ের দাবি। এই প্রেক্ষাপটে কৃষি পর্যটন বা এগ্রি ট্যুরিজম বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করতে পারে।
বিশ্বে কৃষি পর্যটন:
বর্তমান বিশ্বে কৃষি পর্যটন একটি দ্রুত বিকাশমান ধারণা। ইউরোপ, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বহু দেশে কৃষি খামারকে পর্যটনের সঙ্গে যুক্ত করে সফল অর্থনৈতিক মডেল তৈরি করা হয়েছে। এই ধারণার মূল লক্ষ্য হলো কৃষি, প্রকৃতি এবং গ্রামীণ জীবনকে পর্যটনের সঙ্গে সংযুক্ত করা।
বিজ্ঞাপন
পর্যটকরা কৃষি খামার, ফলের বাগান, ফুলের বাগান, চা বাগান, মৎস্য খামার কিংবা গ্রামীণ কৃষি সংস্কৃতির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পান। তারা ফসল সংগ্রহ, মাছ ধরা, গরু-ছাগল পালন, জৈব কৃষি পদ্ধতি বা গ্রামীণ খাবার তৈরির অভিজ্ঞতা অর্জন করতে পারেন। ফলে কৃষি পর্যটন শুধু বিনোদনের একটি মাধ্যম নয়; বরং এটি কৃষি, শিক্ষা, সংস্কৃতি এবং অর্থনীতির সমন্বয়ে একটি টেকসই উন্নয়নের মডেল।
কৃষি পর্যটনের গুরুত্ব:
বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি পর্যটনের গুরুত্ব আরও বেশি। কারণ প্রতি বছর দেশে প্রায় ২০ থেকে ২২ লাখ তরুণ নতুন করে শ্রমবাজারে প্রবেশ করছে। তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। অনেক তরুণ শহরমুখী হচ্ছে, আবার কেউ কেউ বিদেশমুখী হচ্ছে। অথচ সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে কৃষিকে কেন্দ্র করেই দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব।
বিজ্ঞাপন
কৃষি পর্যটন সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে। তরুণরা কৃষিকে শুধু চাষাবাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষিভিত্তিক পর্যটন, কৃষি শিক্ষা কেন্দ্র, খামারভিত্তিক রিসোর্ট, গ্রামীণ খাদ্যভিত্তিক ব্যবসা কিংবা কৃষি প্রযুক্তি প্রদর্শনী কেন্দ্র গড়ে তুলতে পারে। এতে কৃষি একটি আধুনিক ও লাভজনক উদ্যোক্তা খাতে পরিণত হতে পারে।
বাংলাদেশের কৃষি পর্যটনের উপযোগিতা:
বাংলাদেশের ভৌগোলিক ও প্রাকৃতিক বৈচিত্র্য কৃষি পর্যটনের জন্য অত্যন্ত উপযোগী। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের কৃষি পণ্য ও কৃষি সংস্কৃতি রয়েছে। উত্তরাঞ্চলে রয়েছে আম, লিচু ও সবজি উৎপাদনের বিস্তীর্ণ ক্ষেত্র।
দক্ষিণাঞ্চলে রয়েছে মৎস্য সম্পদ, ধান চাষ এবং চরাঞ্চলের বিশেষ কৃষি ব্যবস্থা। আবার পাহাড়ি এলাকায় রয়েছে ফল, আদা, হলুদ ও চা বাগান। এসব অঞ্চলকে ঘিরে পরিকল্পিত কৃষি পর্যটন ব্যবস্থা গড়ে তোলা গেলে তা দেশি ও বিদেশি পর্যটকদের জন্য নতুন আকর্ষণ তৈরি করতে পারে।
বিশেষ করে ফলভিত্তিক পর্যটন বাংলাদেশের জন্য বড় সম্ভাবনার ক্ষেত্র হতে পারে। উদাহরণ হিসেবে আমের মৌসুমে রাজশাহী , চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ অঞ্চলে পর্যটকদের জন্য ‘ম্যাঙ্গো ট্যুরিজম’ চালু করা যেতে পারে, যেখানে পর্যটকরা বাগানে গিয়ে সরাসরি আম সংগ্রহের অভিজ্ঞতা নিতে পারবেন।
একইভাবে দিনাজপুর বা রংপুর অঞ্চলে লিচু মৌসুমে লিচুবাগানভিত্তিক পর্যটন চালু করা যেতে পারে। যশোর, সাভার, কালীগঞ্জ, শ্রীপুর, বীরগঞ্জ, রংপুর এবং রাজশাহী ফুলচাষ এলাকায় ফুলবাগান পরিদর্শন, চা বাগানে চা সংগ্রহের অভিজ্ঞতা কিংবা মাছের খামারে মাছ ধরার অভিজ্ঞতা পর্যটকদের জন্য নতুন আনন্দ ও শিক্ষার সুযোগ তৈরি করতে পারে।
সম্ভাবনাময় কৃষি পর্যটন চরসমূহ:
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চরাঞ্চল কৃষি পর্যটনের আরেকটি সম্ভাবনাময় ক্ষেত্র। বিশেষ করে সোনারচর, চরহেয়ার এবং চরমোনতাজের মতো চর এলাকাগুলো প্রকৃতি ও কৃষির এক অনন্য সমন্বয়। এসব অঞ্চলে রয়েছে নদী ও সাগরের মিলিত পরিবেশ, বিস্তীর্ণ চরভূমি, মৎস্য সম্পদ, গবাদিপশু পালন এবং পাখির আবাসস্থল। রয়েছে সূর্য উদয় ও সূর্যাস্তের মতো নয়ন অবিরাম দৃশ্য দেখার সুযোগ।
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এখানে কৃষি খামার, মৎস্য খামার, গ্রামীণ রিসোর্ট এবং প্রকৃতিনির্ভর পর্যটন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এতে স্থানীয় মানুষের আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া চর কুকরি-মুকরি বিশাল বনাঞ্চল, হরিণ, পাখি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।
আরও পড়ুন
ইকো-ট্যুরিজমের বড় সম্ভাবনা রয়েছে। চর নিজাম নতুন গঠিত চর, বিশাল খোলা প্রাকৃতিক পরিবেশ। সমুদ্রের কাছাকাছি হওয়ায় পর্যটন উন্নয়নের সুযোগ আছে। চর ক্লার্ক নদী ও সমুদ্র মিলনস্থলের কাছাকাছি। পাখি ও জেলেদের জীবনযাত্রা পর্যটনের জন্য আকর্ষণীয়।
চর পাতিলা বিস্তৃত সবুজ ঘাসভূমি ও নদী-সমুদ্রের মিলিত সৌন্দর্য। চর গাজী নতুন চর, কৃষি ও প্রকৃতি পর্যটনের সম্ভাবনা আছে। দুবলার চর সুন্দরবনের ভেতরে অবস্থিত। বিশেষ করে রাস মেলা উপলক্ষে পর্যটকদের আকর্ষণ করে। নিজুম দ্বীপ হরিণ, কেওড়া বন ও সূর্যাস্তের জন্য বিখ্যাত। বাংলাদেশে কৃষি ইকো-ট্যুরিজমের অন্যতম সম্ভাবনাময় দ্বীপ।
কৃষি পর্যটনে কৃষি প্রযুক্তি:
কৃষি পর্যটনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনের প্রদর্শনী। বর্তমানে জলবায়ু পরিবর্তন কৃষির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট কৃষি প্রযুক্তি, আধুনিক সেচ ব্যবস্থা, মাটির স্বাস্থ্য নির্ণয় প্রযুক্তি, জৈব কৃষি পদ্ধতি এবং নতুন জাতের ফসল নিয়ে নানা ধরনের উদ্ভাবন হচ্ছে।
এসব প্রযুক্তি যদি কৃষি পর্যটনের অংশ হিসেবে প্রদর্শন করা যায়, তাহলে তা কৃষক, শিক্ষার্থী এবং উদ্যোক্তাদের জন্য জ্ঞান ও অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। কৃষি প্রযুক্তি পার্ক, কৃষি মিউজিয়াম বা প্রযুক্তি প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা গেলে কৃষি পর্যটনের নতুন মাত্রা যোগ হবে।
শিক্ষা ও গবেষণায় কৃষি পর্যটন:
শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও কৃষি পর্যটনের গুরুত্ব অনেক। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি কৃষি খামার, গবেষণা কেন্দ্র বা কৃষি প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখার সুযোগ পায়, তাহলে তারা বাস্তবভিত্তিক শিক্ষা লাভ করতে পারবে। এতে কৃষির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে এবং কৃষি শিক্ষা বইয়ের পাতার বাইরে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত হবে। অনেক উন্নত দেশে কৃষি পর্যটনকে শিক্ষা পর্যটনের অংশ হিসেবে ব্যবহার করা হয়, যা বাংলাদেশেও চালু করা যেতে পারে।
কৃষি পর্যটনের গুরুত্বপূর্ণ উদ্যোগ:
কৃষি পর্যটনের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
প্রথমত, কৃষি পর্যটনকে একটি পরিকল্পিত খাত হিসেবে স্বীকৃতি দিতে হবে। সরকার, বেসরকারি খাত এবং স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে একটি সমন্বিত নীতি প্রণয়ন করা জরুরি।
দ্বিতীয়ত, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করতে হবে, বিশেষ করে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, ইন্টারনেট এবং পর্যটক থাকার ব্যবস্থা।
তৃতীয়ত, কৃষকদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিতে হবে যাতে তারা কৃষি খামারকে পর্যটনের জন্য উপযোগী করে তুলতে পারেন।
এছাড়া কৃষি পর্যটনের প্রচার ও বিপণনের ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম, পর্যটন মেলা এবং আন্তর্জাতিক পর্যটন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের কৃষি পর্যটনের সম্ভাবনা তুলে ধরতে হবে। এতে বিদেশি পর্যটকদের আগ্রহও বাড়তে পারে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান বজায় রেখে কৃষি পর্যটন পরিচালনা করা জরুরি, যাতে এটি দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশে কৃষি পর্যটন কেবল একটি নতুন পর্যটন ধারণা নয়; এটি গ্রামীণ অর্থনীতি উন্নয়ন, কৃষকের আয় বৃদ্ধি, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষি শিক্ষার প্রসারের একটি শক্তিশালী মাধ্যম হতে পারে।
সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে কৃষি পর্যটন দেশের কৃষি ও পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। প্রকৃতি, কৃষি ও সংস্কৃতির এই সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি পর্যটন নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
সমীরণ বিশ্বাস : কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ
srb_ccdbseed@yahoo.com