আমিরের অ্যাকাউন্ট হ্যাক করা একটি দল ও তাদের টিমের চক্রান্ত : জামায়াত

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে। মনে হচ্ছে চক্রান্তকারীরা কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েই করেছেন। তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে। এখানে গভীর ষড়যন্ত্র হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, কাল এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে একটি দল কিছু কর্মসূচিও দিয়েছে। আমাদের গভীর আশঙ্কা ও মনে করছি যে, এগুলো বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের চক্রান্ত। এর সঙ্গে ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন।
তিনি আরো বলেন, দায় সারতে একদল লোক কর্মসূচি দিয়েছিল, আমরা মনে করছি তাদের সাইবার টিম এসব করছে। রাতে জিডি করা হয়েছে, আগামীতে আইনি পদক্ষেপসহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এগুলো হলো জামায়াত ইসলামীকে বিতর্কিত করার অপচেষ্টা। একদল লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে এমন চক্রান্ত করছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তারা কিছু খারাপ ও আপত্তিকর পোস্ট দিয়েছে। এটা বোঝা যায় যে, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। কিছু লোক তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে। জামায়াতের আশঙ্কা, এই কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী জড়িত আছেন বলে মনে করে জামায়াত। এ বিষয়ে শনিবার রাতেই সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে আইনিসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক কাজ। এই কাজের মাধ্যমে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি অপপ্রয়াস দেখা যাচ্ছে।
জামায়াতকে জনগণের সামনে হেয় করে দেখানোর চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নারীদের প্রতি জামায়াতের একেবারেই স্পষ্ট নারীদের বিষয়ে জামায়াতের আমির বারবার বলে যাচ্ছেন। এই কারণে একদল লোক জামায়াতে ইসলামীকে প্রশ্নবিদ্ধ করতে গভীর ষড়যন্ত্র করছে। এ বিষয়ে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হবে, তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর আইটি সেলের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, জামায়াত আমিরের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বা এক্স হ্যান্ডেলে বিকেল ৪টায় সর্বশেষ আনুষ্ঠানিক পোস্ট করা হয়েছিল।
এরপর হ্যাক করে ৪টা ৩৭ মিনিটের দিকে একটি আপত্তিকর পোস্ট করা হয়েছে। এটি জামায়াত জানতে পারে ৪টা ৫৫ মিনিটের দিকে। এরপর জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল যারা পরিচালনা করেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানিয়েছেন এটি হ্যাক করা হয়েছে। এরপর ৫টা ৯ মিনিটের দিকে এটি রিকভার করা হয় এবং ৫টা ২২ মিনিটে একটা রিজয়েন্ডার দিয়ে জানানো হয়, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। এরপর রাত সাড়ে তিনটার দিকে জিডি করা হয়েছে।
তিনি বলেন, শুধু এই অ্যাকাউন্ট নয়, জামায়াতে ইসলামীর বেশ কয়েকটি পেজের উপরে কিছুদিন ধরে সাইবার অ্যাটাকের চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের আইটি টিমের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশনের মধ্য দিয়ে অ্যাকাউন্ট ঘিরে কি কি করা হয়েছে, তা দেখানো হয়। এটি পরিচালনা করেন প্রকৌশলী মাহমুদুর রহমান।
তিনি জানান, ৪টা ৩৭ মিনিটে পোস্ট হওয়ার পর সেটি দেখতে পেয়ে ৫টা ৯ মিনিটে পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। শুধু তাই নয়, জামায়াত আমিরের পরে ৪টা ৫৩ মিনিটের দিকে দলের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের এক্স হ্যান্ডেল থেকেও এটি পোস্ট করা হয়েছে। একই সঙ্গে এ দুটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। পোস্টটি দেওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যে স্ক্রিনশট নিয়ে সেটি পাঁচ থেকে ছয় ঘণ্টা পরে প্রকাশ করা হয়েছে। তবে তার আগেই আধা ঘণ্টার মধ্যে জামায়াত বিবৃতি দিয়ে জানিয়েছে আইডি হ্যাক হয়েছে। রাত ১টায় জামায়াতের অফিসিয়াল পেজে বিবৃতি দেওয়া হয়েছে।
কেউ [email protected] এই সরকারি মেইল ব্যবহার করে স্যাবোটাজ করে জামায়াতের মেইলে একটি ফাইল পাঠিয়েছে। যেখানে নির্বাচন সংক্রান্ত তথ্য আছে বলে একটা ফাইল অ্যাটাচ করা ছিল। যার মেইল থেকে এসেছে তার নাম মোহাম্মদ সরোয়ার আলম, তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে কাজ করেন।
এছাড়াও গত কিছুদিন ধরে জামায়াতের পেজগুলোতে এ ধরনের অনেকগুলো আক্রমণ চালানো হয়েছে। সরকারি-মেইল ব্যবহার করে জামায়াতের অফিসিয়াল কিংবা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মেইল কীভাবে ফিশিং করার চেষ্টা করা হয়েছে সেটি জানতে চেয়ে সাইবার সিকিউরিটি কাউন্সিলে আবেদন জমা দেওয়া হবে।
জেইউ/জেডএস