জনগণের সম্পদে হাত দেব না, লুণ্ঠিত আমানত ফিরিয়ে দেওয়াই অঙ্গীকার

জনগণের সম্পদে কখনো হাত দেওয়া হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, দুর্নীতি আমাদের চরিত্র ও খাসলতের সঙ্গে যায় না। বরং জনগণের যে আমানত লুণ্ঠিত হয়েছে, তা তাদের কাছে ফিরিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তর কাফরুল ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাইশটেকি কবরস্থান মসজিদের সামনে থেকে ঢাকা-১৫ সংসদীয় আসনে আয়োজিত গণসংযোগ ও মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের কথাবার্তায় যদি কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর ওয়াস্তে আমাদের ক্ষমার চোখে দেখবেন। আমরা যেন নিষ্ঠার সঙ্গে জনগণের জন্য কাজ করতে পারি– আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। আমরা কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত এজেন্ডা বাস্তবায়ন করতে চাই না।
গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য মোবারক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কাফরুল দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর থানা আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মো. আবু নাহিদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও দায়িত্বশীল নেতারা।
সমাবেশ শেষে মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
জেইউ/এসএসএইচ