বুধবার আকাশপথে বরিশাল যাবেন তারেক রহমান

নির্বাচনী সফরের অংশ হিসেবে বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় আকাশপথে ঢাকা থেকে বরিশালে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের ৯০ নং রোডে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বরিশালে পৌঁছে বিএনপি চেয়ারম্যান দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। দুপুর ১টায় তিনি বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেবেন, ফরিদপুরে পৌঁছে দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সমাবেশ শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
মাহদী আমিন বলেন, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গত এক সপ্তাহেই আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যার সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে।
‘আমরা আরও দেখতে পাচ্ছি, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান পুনরায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে এবং একই ভাষা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এটি স্পষ্ট, বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেই সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছে।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যখন অবিরত সংস্কারের পক্ষে কথা বলেছে ও আন্দোলন করেছে, তখন যারা একটিবারের জন্যও সংস্কারের কথা মুখে আনেনি বা সংস্কার নিয়ে চিন্তা করেনি, আজ তারা অনেকেই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছেন। সংস্কারের জনক, ধারক ও বাহক বিএনপিকে নিয়ে তথাকথিত এই নব্য সংস্কারবাদীরা বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছেন, যা বিস্ময়কর। বিএনপি বিশ্বাস করে, জনগণের ক্ষমতায়ন তথা ভোটাধিকারের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।
মাহদী আমিন বলেন, বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে আসছে। ২০১৬ সালে বিএনপি জাতির সামনে উপস্থাপন করে ভিশন-২০৩০। ২০২২ সালে ঘোষণা করা হয় ২৭ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব এবং ২০২৩ সালে আরও বিস্তৃতভাবে উপস্থাপন করা হয় ৩১ দফা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব বিএনপিই সর্বপ্রথম জাতির সামনে তুলে ধরে, সেই ২০১৬ সালে। একইভাবে একজন ব্যক্তি যেন দীর্ঘদিন ধরে একই পদে ক্ষমতায় থাকতে না পারেন, সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাবও বিএনপিই আগে উত্থাপন করেছে। ২০১৪ সালেই তারেক রহমান মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে উৎসাহিত করতে ৫ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব দেন।
তিনি বলেন, এই ধারাবাহিকতার অংশ হিসেবেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে, যা ইতোমধ্যে আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ বারবার ঘোষণা করেছেন।
এএএম/এসএসএইচ