‘ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের পরিবারের সদস্য থাকতে চাই’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বস্তিবাসীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, তাতে আশান্বিত হয়ে তার পরিবারের সদস্য হয়ে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন ঢাকার সাততলা বস্তির বাসিন্দারা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ২০ নম্বর ওয়ার্ডের আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সাততলা এলাকায় স্থানীয় নারী সমর্থকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এই অনুভূতি ব্যক্ত করেন বস্তিবাসী সেলিনা রহমান।
সেলিনা রহমান বলেন, ‘তারেক রহমান আমাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছেন তার নির্বাচনী প্রতিশ্রুতিতে। আমরা আজকে বলতে চাই– ধানের শীষে ভোট দিয়ে তার ফ্যামিলির সদস্য হইয়া থাকতে চাই। সবাই যখন আমাদের কাছে ভোট চাইতে আসে, তাদেরকে বলি– আমাদের মাথা গোঁজার ঠাঁই নাই। আমরা ১৭ আসনে তারেক রহমানকে ভোট দিয়ে আমাদের জন্য একটা স্থায়ী জায়গা করতে চাই।’
তিনি আবেগজড়িত কণ্ঠে আরও বলেন, ‘তারেক রহমানের মা নাই, বাবা নাই; আমরাই তার মা, আমরাই তার বাবা। আমরা তার পরিবার হয়ে পাশে থাকতে চাই এবং তাকে ভোট দিয়ে জয়ী করে প্রধানমন্ত্রী করতে চাই।’
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, ‘জন্মের সময় আল্লাহ তো নির্দিষ্ট করে পাঠান নাই কে ধনী হবে আর কে গরিব হবে। নিজেদের ভাগ্য উন্নয়নে ধানের শীষে ভোট দিন। জিয়াউর রহমান সুযোগ্য রাষ্ট্রনায়ক হিসেবে খাল খনন, গার্মেন্ট শিল্পের প্রসার ও বিদেশে শ্রমশক্তি রপ্তানির মতো যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা করেছেন।’
আব্দুস সালাম আরও বলেন, খালেদা জিয়া মেয়েদের মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তিসহ নারীবান্ধব নানা প্রকল্প শুরু করেছিলেন। তারেক রহমান সেই ধারাবাহিকতায় নারীদের সংসারে ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ডের পাশাপাশি সুচিকিৎসার জন্য ‘হেলথ কার্ড’ দেওয়ার কথা বলেছেন।
ঢাকা-১৭ নির্বাচনী কার্যক্রমের যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনার সভায় বলেন, তারেক রহমানকে জয়ী করলে তিনি শুধু পুনর্বাসন নয়, ভাষানটেক, কড়াইল ও সাততলা বস্তির বাসিন্দাদের স্থায়ী বাসিন্দা করতে চাচ্ছেন। যেখানে স্কুল, খেলার মাঠ ও স্বাস্থ্যকেন্দ্রসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।
এএইচআর/বিআরইউ