বিএনপির দেশ চালানোর সামর্থ্য নেই : কর্নেল অলি

বিএনপির দেশ চালানোর সামর্থ্য নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
তিনি বলেন, আমি বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম। দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলাম। তবে যখনই বুঝতে পারলাম বিএনপি আর বেশিদিন বাঁচবে না, তাদের চিকিৎসা দরকার, সেদিনই বিএনপি ত্যাগ করেছি। এখন বিএনপির দেশ চালানোর সামর্থ্য নেই। বিএনপি এখন ক্ষমতায় গেলে চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, চট্টগ্রাম বন্দর দখল করবে, ব্যাংক লুট করবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এলডিপি চেয়ারম্যান।
এসময় ১১ দলীয় জোটের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিষয়ে অলি আহমদ বলেন, অনেকেই বলে ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ করবে, বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্ম পালনে বাধা দেবে, তাদের উদ্দেশ্যে বলছি, কারো ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করব না। বরং তারাই অন্যের ধর্মে হস্তক্ষেপ করবে, যারা নিজেদের ধর্মই ঠিকমতো পালন করে না।
নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ১২ তারিখ পর্যন্ত যা করার করে ফেলেন, ১২ তারিখ এ দেশের জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনাদের ভাতের হোটেল বন্ধ করে দেবে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-১৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে আনোয়ারা। কিন্তু সে হিসেবে এখানে উন্নয়ন হয়নি, কারখানা হওয়ার পরও শিক্ষিতরা চাকরি পায়নি। এখানে নারীদের জন্য সরকারি স্কুল-মাদ্রাসা নেই। যুবকদের বিভিন্ন পেশায় প্রশিক্ষিত করে বিদেশ পাঠানোর জন্য কোনো ট্রেনিং সেন্টার নেই। এই আসনে দাঁড়িপাল্লার বিজয় হলে এসব পরিকল্পনার পাশাপাশি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিক বলেন, যারা মুখে সংস্কারের কথা বলে না ভোটের প্রচারণা চালাচ্ছে, ৩৬ জুলাইয়ের পর আওয়ামী লীগকে যেমন জনগণ লাল কার্ড দেখিয়েছে, তাদেরও ১২ তারিখ লাল কার্ড দেখাবে।
আরএমএন/এসএসএইচ