শ্রমিকদের নিরাপত্তায় পাশে থাকার আশ্বাস আবু সুফিয়ানের

বিএনপি শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনে দলটির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বন্ধ কলকারখানাগুলো চালুর মাধ্যমে কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণ করবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা এলাকায় চট্টগ্রাম-৯ নির্বাচনী আসনের থানা ও ওয়ার্ড শ্রমিকদলের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে আবু সুফিয়ান বলেন, ‘বিএনপি শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে সব সময় পাশে ছিল, আগামীতেও থাকবে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এ দেশের শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য।’
তিনি আশ্বাস দেন, এই এলাকার শ্রমিকেরা যাতে তাদের ন্যায্য অধিকার পান এবং নিরাপদ থাকেন, সে জন্য তার পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, এ দেশে সর্বপ্রথম শ্রমিকদের মূল্যায়ন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশনেত্রী খালেদা জিয়া সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান শ্রমিকদের সব ন্যায্য দাবি পূরণে কাজ করবেন।
শফিকুর রহমান মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন– চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, আব্দুল মান্নান প্রমুখ।
সভায় মহানগর ও স্থানীয় শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরএমএন/বিআরইউ