ইসিকে হুঁশিয়ারি ‘আম জনগণ পার্টির’

আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম দিয়েছে ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতাকর্মীরা।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে আম জনগণ পার্টির সদস্য সচিব ফাতেমা তাসনিম বলেন, আমরা চাই দেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই পরিবেশ বজায় রাখতে আমরা আপাতত আমাদের কর্মসূচি স্থগিত করছি। তবে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে যদি আমাদের নিবন্ধন দেওয়া না হয়, তবে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে, বেলা ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। প্রায় আধাঘণ্টাব্যাপী চলা এই সমাবেশে তারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় নেতাকর্মীদের কণ্ঠে— ‘হুদা গেছে যেই পথে, নাসির যাবে সেই পথে’, ‘নিবন্ধন দে, নইলে গদি ছেড়ে দে’— এমন সব স্লোগান শোনা যায়।
উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশনের সামনে এক সমাবেশ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও ইসি সচিব আখতার আহমেদের কুশপুতুলে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছিলেন দলটির নেতাকর্মীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ নতুন এই আল্টিমেটাম দিলেন তারা।
সমাবেশ শেষে দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন বরাবর তাদের দাবিনামা পেশ করে। দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি হিসেবে সচিবালয় ঘেরাও বা লাগাতার অবস্থানের মতো কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন দলটির নীতিনির্ধারকরা।
এসআর/এমএন