বিজয় ধরে রাখতে চাই ঐক্য, শৃঙ্খলা ও জবাবদিহি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) শাখার নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন। সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়— এই বিজয় শুধু একটি দলের নয়; এটি দেশ, জনগণ ও গণতন্ত্রের বিজয়। আর সেই বিজয় টিকিয়ে রাখতে হলে প্রয়োজন ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত সভায় বক্তারা বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত সংস্কার আনা এখন সময়ের দাবি। তবে আবেগ বা অতিরিক্ত উৎসাহে কোনো সিদ্ধান্ত নয়— ধৈর্য, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে এগোতে হবে।
বক্তারা দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
স্বাস্থ্যসেবা খাতে জনগণ ও রোগীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে তারা বলেন, মানবিক ও অধিকারভিত্তিক, জবাবদিহিমূলক এবং বিজ্ঞানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বাস্থ্যকে জনগণের মৌলিক সম্পদ হিসেবে বিবেচনা করে সবার জন্য কার্যকর স্বাস্থ্যনীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
ড্যাব নেতারা আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দাবি করেন, দেশের তিনশ সংসদীয় আসনে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকেরা সক্রিয় ভূমিকা রেখে দলের বিজয়ে ইতিবাচক অবদান রেখেছেন। এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তারা।
বক্তারা বিগত সময়ে বঞ্চিত, অত্যাচারিত ও নির্যাতিত চিকিৎসকদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দেন। তবে একই সঙ্গে সতর্ক করেন—কোনো প্রতিহিংসা নয়, বরং ন্যায়ভিত্তিক প্রশাসনিক সংস্কারই হওয়া উচিত অগ্রাধিকার।
সভায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান–এর স্লোগান ‘করবো কাজ, গড়বো দেশ— সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বিএমইউ ড্যাবের মহাসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে ড্যাব কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বিএমইউ ড্যাব সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরাও সভায় অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বিএমইউ দেশের স্বাস্থ্যখাত সংস্কারের একটি মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে।
টিআই/এমএসএ