মাদরাসা পাঠ্যবইয়ে আকিদা সংযোজনসহ ৬ দফা দাবি ইসলামী ফ্রন্টের

মাদরাসা পাঠ্যবইয়ে মদিনা শরিফ জিয়ারতসহ আহলে সুন্নাতের আকিদা পুনঃসংযোজন এবং মব সন্ত্রাসে নিহত মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
সোমবার (৯ মার্চ) রাজধানীর ডিআরইউ-এর সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আব্দুস সামাদ।
তিনি বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের ভিত্তি হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ। শত শত বছর ধরে আউলিয়া কেরামের দাওয়াত ও আহ্বানের মাধ্যমে এই ভূখণ্ডে ইসলামের যে সহনশীল, মানবিক, মধ্যপন্থী চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে, তা আমাদের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি, সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে এই ঐতিহ্য ও বিশ্বাসকে উপেক্ষা করা হচ্ছে; কোথাও কোথাও তা পরিকল্পিতভাবে বিকৃত বা সংকুচিত করার প্রবণতা দেখা যাচ্ছে। একই সাথে সমাজে মব সন্ত্রাস, ধর্মীয় স্থাপনার ওপর হামলা এবং জাতীয় স্বার্থবিরোধী ঘটনাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনের সূচনাতে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছি। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার এই নবযাত্রায় তার নেতৃত্বে এদেশের ধর্মীয় ঐতিহ্য, বহুদলীয় গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী পাঁচ বছরের জন্য একটি সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার নতুন অধ্যায় সূচিত হোক। পাশাপাশি বিরোধী দলকে অভিনন্দন জানানোর সঙ্গে সঙ্গে আহ্বান জানাব- দীর্ঘদিন পর জাতীয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা ঐতিহাসিক অবদান রাখবে। শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, সরকারের গঠনমূলক সমালোচনা ও ভালো কাজে সহযোগিতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করছি।
সংবাদ সম্মেলনে উত্থাপিত ৬টি দাবি হলো
১. মাদরাসা পাঠ্যবইয়ে আহলে সুন্নাতের আকিদা পুনঃসংযোজন
২. শহীদ ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডের বিচার
৩. চাকরিচ্যুত ইমাম, খতিব ও শিক্ষকদের পুনর্বহাল
৪. জাতীয় স্বার্থবিরোধী বন্দর ও বাণিজ্য চুক্তি বাতিল
৫. মব সন্ত্রাসের শিকার মাজার শরিফসমূহে হামলার বিচার ও সেগুলো পুনঃনির্মাণ
৬. ইরানে ইসরায়েল-মার্কিন আগ্রাসন বিশ্বশান্তির জন্য হুমকি হিসেবে বিবেচনা করা
উল্লিখিত দাবি বাস্তবায়নের লক্ষ্যে দুদিনের কর্মসূচি ঘোষণা করে সংগঠনের মহাসচিব বলেন, আমরা জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করব। এছাড়া আগামী ১ এপ্রিল এসব দাবির বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশের প্রতিটি থানা ও উপজেলায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ৭ এপ্রিল জেলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুফিয়ান খান আবেদ আল কাদেরী, যুগ্ম মহাসচিব গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, অ্যাডভোকেট ইকবাল হাসান ও দপ্তর সচিব মোহাম্মদ আব্দুল হাকিম প্রমুখ।
এএএম/এমএসএ