মাদ্রিদে ‘হ্যাঁ’ ভোটের সুফল নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ জয়ের সুফল শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার ‘গ্রাম বাংলা’ রেস্টুরেন্টে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এই সেমিনার সম্পন্ন হয়।
বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিন মিয়া ও অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহির যৌথ সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব মো. কালাম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, আল হুদা মসজিদের প্রধান খতিব মাওলানা নুরুল আলম, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি ইন স্পেনের সভাপতি মিল্টন ভূঁইয়া কচি, উছেরা মসজিদের খতিব মাওলানা তানভীর আহমদ, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, মাসুম আহমেদ ও আকবর শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়ন হবে। তরুণরা নেতৃত্ব দিয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থান সফল করেছে; তারাই নতুন বাংলাদেশের সম্ভাবনাময় শক্তি। গণভোটে নির্দিষ্ট কোনো প্রার্থী নেই, তবে এই ভোট জাতির জন্য অত্যন্ত গুরুত্ববহ। এতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ অপরাজনীতির দাসত্ব থেকে মুক্তি পাবে। হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে আসবে এবং ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি জাতি কলঙ্কিত নির্বাচনের কালিমা থেকে মুক্তি পাবে। মূলত তরুণ ভোটাররাই আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচনের ফলাফল নির্ধারণে প্রধান ভূমিকা রাখবে।
সেমিনার শেষে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এমএসএ