জার্মানিতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বার্লিনে বর্ণাঢ্য এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজন প্রবাসীদের হৃদয়ে দেশের ঈদের আমেজ নতুন করে জাগিয়ে তোলে।
বিজ্ঞাপন
সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে বর্ণিল সাজে অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। ছোট-বড় সবার মাঝে ছিল অন্যরকম উচ্ছ্বাস। নারী-পুরুষ নির্বিশেষে ঐতিহ্যবাহী পাঞ্জাবি, শাড়ি ও সালোয়ার-কামিজ পরে উপস্থিত হওয়ায় প্রবাসের মাটিতে যেন এক ‘ছোট্ট বাংলাদেশ’ তৈরি হয়েছিল। বিশেষ করে শিশুদের হাসি-আনন্দ ও খেলাধুলা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিজেদের শিকড়, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে শিশুদের ধারণা দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে তাদের।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রবাস জীবনে নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। আগত অতিথিরা জানান, কর্মব্যস্ত যান্ত্রিক জীবনের মাঝে এই মিলনমেলা তাদের দেশের ঈদের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। কমিউনিটিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিজ্ঞাপন
এমএন
