লন্ডনে সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের স্মরণসভা

লন্ডনের একটি মিলনায়তনে সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে এক আবেগঘন স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানে সমিতির সঙ্গে সংশ্লিষ্ট প্রয়াত গুণীজনদের কর্মময় জীবন নিয়ে আলোচনা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের সভাপতি আব্দুল আলী রউফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিজিল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের কৃতী সন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
স্মরণসভায় প্রয়াত সাজ্জাদ মিয়া এমবিই, গিয়াস মিয়া, আবু সুফিয়ান (সুফি মিয়া), কাজী রুবি হক, মজুমদার মিয়া, সৈয়দ নুরুল আমিন হায়দার ও কারি মুহিবুর রহমান শিপনের স্মৃতিচারণ করা হয়।
বক্তারা তাদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সাজ্জাদ মিয়া এমবিই’র স্মৃতিচারণ করেন নুরুল হক লালা মিয়া ও হরমুজ আলী। সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়াকে নিয়ে আলোচনা করেন আলতাফুর রহমান মুজাহিদ। আবু সুফিয়ান সুফি মিয়াকে স্মরণ করেন ইলিয়াস মিয়া। প্রয়াতা কাজী রুবি হকের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেন তার স্বামী মুজিবুল হক মনি। এ ছাড়া মজুমদার মিয়ার স্মৃতিচারণ করেন মোহাম্মদ তারিফ আহমদ, সৈয়দ নুরুল আমিন হায়দারকে নিয়ে আলোচনা করেন চন্দন মিয়া এবং কারি মুহিবুর রহমানকে নিয়ে বক্তব্য দেন হেলাল মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন– সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হক লালা মিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, উপদেষ্টা হরমুজ আলী, জামাল হোসেন চৌধুরী, সফিকুল ইসলাম, সাবেক ডেপুটি মেয়র শহিদ আলী, শামস উদ্দিন চৌধুরী রুমি, ড. সামসুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম ও কোষাধ্যক্ষ আব্দুস সালাম।
আলতাফুর রহমান মুজাহিদের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় এবং সভাপতি আব্দুল আলী রউফ স্বাগত বক্তব্য দেন। পরিশেষে প্রয়াত সব সদস্যের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
বিআরইউ